আসন্ন ঈদুল ফিতরে কোনো ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
দিগন্ত জার্নাল ডেস্ক:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই। শনিবার (২৯ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, “রাজধানীতে কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই। যদি কোনো ষড়যন্ত্রের হুমকি থাকে, তাহলে সেটি সকলকে নিয়ে মোকাবিলা করা হবে। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কেউ ষড়যন্ত্র করতে পারবে না।”
নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এবার ঈদে সবাই ছুটি ভোগ করছে, কিন্তু পুলিশ, বিজিবি, আনসার সদস্যরা ছুটি পাচ্ছেন না। তারা রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, যাতে সবাই নিরাপদে বাড়ি যেতে পারে এবং তাদের বাসা-বাড়ির নিরাপত্তা বজায় থাকে।”
তিনি আরও বলেন, “আমি এখানে এসেছি টিকিটের দাম বেশি নেওয়া হচ্ছে কিনা তা দেখতে। প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরপরও যদি কেউ বেশি ভাড়া আদায় করে, তাহলে বিআরটিএ ভিজিলেন্স টিম বা পুলিশের কন্ট্রোল রুমে অভিযোগ করুন। দুই-একটি ছোটখাটো অভিযোগ পাওয়া গেছে, যেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের বিশ্রামের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি চালকদের সঙ্গে কথা বলেছি, তারা পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন কিনা, কারণ বিশ্রামের অভাবে অনেক দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে পরিবহন মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।”
সরকারের উদ্যোগের বিষয়ে তিনি বলেন, “সরকারের যথাযথ উদ্যোগের ফলেই এবার মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারছে। আমরা চেষ্টা করছি, যাতে তারা নিরাপদে বাড়ি যেতে পারে এবং ঈদ শেষে নির্বিঘ্নে ঢাকায় ফিরতে পারে।”