সেনাপ্রধানের খাগড়াছড়ি ও বান্দরবান পরিদর্শন
দিগন্ত জার্নাল ডেস্ক:
৩০ মার্চ ২০২৫ রোববার, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান খাগড়াছড়ির একটি সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন। শনিবার সেনা ক্যাম্প পরিদর্শনকালে তিনি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের মনোবল ও কর্মতৎপরতা ধরে রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, সেনাপ্রধান দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি পার্বত্য অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
পরিদর্শনের অংশ হিসেবে সেনাপ্রধান বান্দরবানের একটি জোন সদরও পরিদর্শন করেন। সেখানে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং পার্বত্য অঞ্চলে উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন।
পরিদর্শন শেষে সেনাবাহিনী প্রধান সেনাসদস্যদের সাহসিকতা ও বর্তমান কর্মকাণ্ডের জন্য ধন্যবাদ জানান এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান।