স্বস্তিদায়ক ঈদযাত্রা: টিকিট কালোবাজারি বন্ধ, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি
দিগন্ত জার্নাল ডেস্ক:
এবারের ঈদযাত্রায় ট্রেনের টিকিট কালোবাজারির কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। রোববার (৩০ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “প্রতি বছর ঈদযাত্রার সময় টিকিট কালোবাজারির একটি সিন্ডিকেট সক্রিয় থাকে, যেখানে রেলওয়ের কিছু অসাধু কর্মচারীও জড়িয়ে পড়ে। তবে এবার কঠোর নজরদারির ফলে কেউ এ ধরনের কার্যক্রমে জড়িত হতে পারেনি। ফলে যাত্রীদের কোনো ভোগান্তি হয়নি।”
তিনি আরও জানান, ঈদযাত্রায় সড়কপথ ও রেলপথ উভয় ক্ষেত্রে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছে। অতীতে পথে পথে চাঁদাবাজি ও হয়রানির ঘটনা ঘটলেও এবার তা বন্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকায় কেউ অনিয়ম করার সুযোগ পায়নি।
স্টেশনে যাত্রীদের সঙ্গে কথা বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবার ঈদযাত্রায় মানুষের স্বস্তি বেড়েছে। অতিরিক্ত ভাড়া নেওয়া হয়নি এবং ট্রেন যাত্রাও হয়েছে শৃঙ্খলাপূর্ণ। যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারায় সরকারের প্রচেষ্টা সফল হয়েছে বলে মন্তব্য করেন তিনি।