তিস্তা প্রকল্পসহ পানি সম্পদ ব্যবস্থাপনায় চীনের আগ্রহ
দিগন্ত জার্নাল ডেস্ক:
দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। রোববার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।
তিনি বলেন, চীনের সঙ্গে নদী ও পানি ব্যবস্থাপনা নিয়ে যে আলোচনা হয়েছে, তার প্রতিফলন আগামীতে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে দেখা যাবে। পাশাপাশি রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে চীন সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। এ ছাড়া, আধুনিক তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নবায়নযোগ্য জ্বালানি খাতেও দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, চীনা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও বিষয়টি ব্যক্তিগতভাবে দেখার আশ্বাস দিয়েছেন।