বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত সম্পন্ন হয়েছে - দিগন্ত জার্নাল

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত সম্পন্ন হয়েছে

দিগন্ত জার্নাল ডেস্ক:

৩১ মার্চ ২০২৫, ঢাকা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৭টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী এবং মুকাব্বিরের দায়িত্ব পালন করেন মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।

নামাজের পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া বয়ানে ইমাম বলেন, ‘রোজাদারদের জন্য ঈদ আল্লাহর উপহার। এটি খুশির বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমরা তাকওয়া ও পবিত্রতার সঙ্গে ঈদের নামাজ আদায় করছি। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সারাবছর জীবন পরিচালনা করতে হবে।’ তিনি আরও বলেন, ‘ঈদ কেবল আনন্দের দিন নয়, এটি ধনী-গরিব সবার মাঝে ভ্রাতৃত্ব ও সংহতির বন্ধন দৃঢ় করারও দিন।’ তিনি মুসল্লিদের দুঃস্থ ও দরিদ্রদের প্রতি সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানান, যাতে সবাই ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করতে পারে।

বায়তুল মোকাররমে ঈদের মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হওয়ার পর এক ঘণ্টা পরপর আরও তিনটি জামাত হবে এবং সর্বশেষ পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

দ্বিতীয় জামাতে ইমামতি করবেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ড. মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান, চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক ড. মুশতাক আহমদ এবং পঞ্চম ও শেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ।

ঈদের জামাত উপলক্ষে বায়তুল মোকাররম মসজিদ ও আশপাশের এলাকা ছিল মুসল্লিদের ঢল ও উৎসবের আমেজে মুখরিত।

an adbox will go here