আনন্দমুখর নতুন বাংলাদেশ এ এক অন্যরকম ঈদ আয়োজন - দিগন্ত জার্নাল

আনন্দমুখর নতুন বাংলাদেশ এ এক অন্যরকম ঈদ আয়োজন

দিগন্ত জার্নাল ডেস্ক:

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ সোমবার (৩১ মার্চ) বাংলাদেশজুড়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। আনন্দমুখর নতুন বাংলাদেশ এ এক অন্য ঈদ আয়োজন। দেশজুড়ে বিরাজ করছে ঈদের আনন্দ। রোববার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গেই বেজে ওঠে সেই চিরচেনা গান— ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ…’

এবারের ঈদে স্বস্তির আমেজ আরও বাড়িয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। রমজান মাসজুড়ে বাজার ছিল তুলনামূলক স্থিতিশীল, আর ঈদযাত্রায় দুর্ভোগের চিত্রও ছিল কম। মানুষ স্বস্তিতে পরিবারের কাছে ফিরেছে, তার ওপর ৯ দিনের লম্বা ছুটি কর্মজীবীদের ঈদ উদযাপনকে করেছে আরও উপভোগ্য।

প্রথমবারের মতো রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাত শেষে মুঘল আমলের ঐতিহ্য অনুযায়ী আনন্দ মিছিল ও ঈদ মেলা আয়োজন করা হয়েছে। এছাড়া, সিটি করপোরেশন ঈদ উপলক্ষে অংশগ্রহণকারীদের জন্য মিষ্টি ও সেমাই পরিবেশনের ব্যবস্থা করেছে।

সারাদেশের প্রতিটি পরিবার আজ তাদের সাধ্যের মধ্যে ভালো খাবার রান্নার প্রস্তুতি নিয়েছে। শিশুরা নতুন পোশাক পরে বেড়াবে আত্মীয়স্বজনের বাড়িতে। ঈদের সকালে গোসল-অজুর পর সেমাই ও মিষ্টিমুখ করে মুসল্লিরা ঈদের জামাতে অংশ নিতে যাবেন। নামাজ শেষে ঈদগাহ ময়দানে কোলাকুলি, কবরস্থানে গিয়ে প্রিয়জনদের জন্য দোয়া করা এবং আত্মীয়-স্বজনের সঙ্গে আনন্দ-আড্ডায় সময় কাটানোই হবে ঈদের দিনের চিরচেনা চিত্র।

an adbox will go here