৮ বছর পর পরিবারের সঙ্গে ঈদ আনন্দে খালেদা জিয়া: আসিফ নজরুল - দিগন্ত জার্নাল

৮ বছর পর পরিবারের সঙ্গে ঈদ আনন্দে খালেদা জিয়া: আসিফ নজরুল

দিগন্ত জার্নাল ডেস্ক:

আট বছর পর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে বিষয়টি সামনে আনেন। রোববার (৩০ মার্চ) দিবাগত রাতে প্রকাশিত ছবিতে দেখা যায়, এক ফ্রেমে খালেদা জিয়া, তারেক রহমান, জোবাইদা রহমান ও জাইমা রহমান হাস্যোজ্জ্বল অবস্থায় রয়েছেন।

ছবির সঙ্গে আসিফ নজরুল লিখেছেন, “আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক। তিনি জালিমকে করেছেন বিতাড়িত, মজলুমকে প্রশান্ত!” বিএনপি সূত্রে জানা গেছে, ছবিটি লন্ডনে তারেক রহমানের বাসায় তোলা হয়েছে, যেখানে এবারের ঈদুল ফিতর উদযাপন করেছেন খালেদা জিয়া।

গত ৮ জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী। হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি অ্যাম্বুলেন্সে করে তাকে ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ ভর্তি করা হয়, যেখানে তিনি ১৭ দিন অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। এরপর মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বর্তমানে তিনি তারেক রহমানের বাসায় অধ্যাপক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

৭৯ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। ২০১৫ সালে লন্ডনে ঈদ উদযাপনের পর ২৫ সেপ্টেম্বর নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সেসময় তার পাশে ছিলেন তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান।

২০১৮ সালে দুর্নীতির এক মামলায় গ্রেফতার হয়ে কারাবন্দি হন বিএনপি চেয়ারপারসন। সে সময় টানা চারটি ঈদ কারাগার ও হাসপাতালে কেটেছে তার। পরে করোনাকালীন সময়ে সরকার তাকে বিশেষ শর্তে মুক্তি দেয়। দীর্ঘদিন পর আবারও পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ পেলেন তিনি, যা তার দলীয় নেতাকর্মীদের জন্য এক আবেগঘন মুহূর্ত হয়ে উঠেছে।

an adbox will go here