সিদ্ধিরগঞ্জে সুমাইয়া আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম - দিগন্ত জার্নাল

সিদ্ধিরগঞ্জে সুমাইয়া আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

দিগন্ত জার্নাল ডেস্ক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত সুমাইয়া আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের ১ নাম্বার ওয়ার্ডে সুমাইয়ার বাসায় উপস্থিত হয়ে তাঁর পরিবারের খোঁজখবর নেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন, তামিম আহমেদ ও দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলি।

তথ্য উপদেষ্টা সুমাইয়ার পরিবারের সদস্যদের ঈদ উপহার তুলে দেন এবং বলেন, ‘সুমাইয়ার মতো অসংখ্য মানুষ বিগত ফ্যাসিস্ট সরকারের হাতে নির্মমভাবে খুনের শিকার হয়েছে। বর্তমান সরকার এসব হত্যাকাণ্ডের বিচার বাস্তবায়নে আন্তরিকভাবে তৎপর রয়েছে। ভুক্তভোগী এসব পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য।’

পরে তিনি নিহত সুমাইয়ার মায়ের হাতে ঈদ উপহার এবং আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় এনসিপির নারায়ণগঞ্জ সংগঠক জোবায়ের হোসেন তামজীদ, ফয়সাল আহমেদ, ফজলে রাব্বি, সোহেল খান সিদ্দিক, রাইসুল ইসলাম ও শাহাবুদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

an adbox will go here