এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম: আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি
দিগন্ত জার্নাল ডেস্ক:
বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই এবং দলটির কার্যক্রম নিষিদ্ধ করা বর্তমানে দেশের জনগণের একটি গণদাবি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (৩১ মার্চ) দুপুরে জুরাইন কবরস্থানে জুলাই গণ-অভ্যূত্থানের শহিদদের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “আমাদের অবস্থান স্পষ্ট, আওয়ামী লীগের এ দেশে রাজনীতি করার অধিকার নেই। ৫ আগস্ট আওয়ামী লীগ ও মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে।” তিনি আরও বলেন, “এখন সেই রায় কীভাবে কার্যকর হবে, তা আলোচনার বিষয়, তবে আমরা বিচারের প্রতি আস্থাশীল।”
তিনি বলেন, “ঈদ আনন্দের মাঝে আমাদের মধ্যে দুঃখও রয়েছে, কারণ গণ-অভ্যূত্থানে আমরা যেসব ভাইবোনকে হারিয়েছি, তাদের ছাড়া অনেকগুলো পরিবার ঈদ পালন করছে।”
আওয়ামী লীগের বিচারের বিষয়ে তিনি বলেন, “এই পরিবারগুলোর সামনে দাঁড়াতে পারব না যদি তাদের ন্যায়বিচার না পাই। বিচার, সংস্কার, গণপরিষদ নির্বাচন—এ তিনটি বিষয় আমাদের এজেন্ডায় রয়েছে, তবে বিচারটিকে আমরা প্রথমে রেখেছি।”
এনসিপি আহ্বায়ক আরও বলেন, “আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা উচিত এবং তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। এটা শহিদ ও আহত পরিবারের দাবিও।”
আহত ও নিহতদের পরিবারকে সহযোগিতার বিষয়ে তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে সহযোগিতার যে কমতি রয়েছে, সেটি আরও বাড়ানো উচিত। ঈদের আগে ঘোষিত মাসিক ভাতা অনেক পরিবারে পৌঁছায়নি। আমরা আশা করি, সরকার এসব প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করবে।”