প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা, সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজের প্রতিশ্রুতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর
দিগন্ত জার্নাল ডেস্ক:
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে তিনি এ তথ্য শেয়ার করে জানান, ফোনালাপে তাদের মধ্যে দারুণ আলোচনা হয়েছে।
শাহবাজ শরিফ বলেন, “আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি এবং ভবিষ্যতে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক আরও মজবুত করার জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছি।” এছাড়া, তিনি জানান, আগামী ২২ এপ্রিল পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী একটি বাণিজ্য প্রতিনিধি দলসহ ঢাকা সফর করবেন, যেখানে অর্থনৈতিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি, বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ও একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানান। তিনি আশাবাদ প্রকাশ করেন যে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক ভবিষ্যতে আরও উজ্জ্বল হবে এবং সাংস্কৃতিক ও বাণিজ্যিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।