জাতির ঐক্য এখন অতীব প্রয়োজন: প্রধান উপদেষ্টা
দিগন্ত জার্নাল ডেস্ক:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “এবারের ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আমরা একে অপরের কাছাকাছি আসতে পারি, পারস্পরিক দূরত্ব কমিয়ে ঐক্য গড়ে তুলতে পারি। কারণ, বর্তমান সময়ে ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি।”
সোমবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “এগিয়ে যাওয়ার জন্য সবাইকে ঐক্যের বার্তা মনে রাখতে হবে।”
ড. ইউনূস বলেন, “আমরা একে অপরের প্রতি সহনশীল হব, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলব। এর মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি প্রতিদিন আমাদের মনে রাখতে হবে।”
তিনি আরও বলেন, “জনগণ দেশে শান্তি চায়, যাতে সবাই স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে। আমরা একে অপরের মঙ্গল কামনা করি এবং দেশসহ সারা বিশ্বের শান্তির জন্য প্রার্থনা করি।”
ঈদের তাৎপর্য তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, *
“ঈদ জাতিকে পরিশুদ্ধ করার একটি অনন্য দিন, যা সব পার্থক্য দূর করে জনগণের মধ্যে ঐক্য গড়ে তোলে।”
তিনি বলেন, *”জাতির ঐক্য এখন অতীব প্রয়োজন, বিশেষ করে এই সময়, যখন আমরা আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় অতিক্রম করছি। ঐক্য গড়ে তুলতে এবং দেশকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে উপদেষ্টাবৃন্দ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, কূটনীতিক, জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য, সংস্কার কমিশনের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, তিন বাহিনীর প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।