শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান মঞ্জুরুল ইসলামের
দিগন্ত জার্নাল ডেস্ক:
বড়াইগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি। শিক্ষার্থীদের অধিকার ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা সবার দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার বড়াইগ্রাম উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে পৌর মিলনায়তনে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশিকুজ্জামান আকাশ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি হাসিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসাইন খান, ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগরী (দক্ষিণ) সভাপতি ইব্রাহিম রনি, জেলা মসজিদ মিশন একাডেমির সভাপতি অধ্যাপক আবুল হোসাইন, জেলা ছাত্রশিবিরের সভাপতি আফতাব হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর সিদ্দিক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাসানুল বান্না উজ্জ্বলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একটি সুস্থ ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ গড়ে তোলা প্রয়োজন, যেখানে সকল শিক্ষার্থী নির্বিঘ্নে জ্ঞানার্জন করতে পারবে। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের কল্যাণে সবাই একযোগে কাজ করবে, যাতে শিক্ষার পরিবেশ উন্নত হয় এবং কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি না হয়।