ঋণের অর্থ ছাড়ের আগে শর্ত পর্যালোচনায় আসছে আইএমএফ প্রতিনিধিদল
দিগন্ত জার্নাল ডেস্ক:
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ || আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে শর্ত পূরণের অগ্রগতি পর্যালোচনায় ঢাকায় আসছে সংস্থাটির একটি প্রতিনিধিদল। আজ শনিবার দলটি ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে। অর্থ বিভাগ সূত্রে জানা যায়, আগামীকাল রোববার থেকে দুই সপ্তাহব্যাপী এ দলটি সরকারের মূল সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে। আলোচনা হবে অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে। সফরের শুরু ও শেষ দিন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধিদলটি। সফর শেষে হবে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে।
২০২৩ সালের ৩০ জানুয়ারি আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচি শুরুর পর এখন পর্যন্ত বাংলাদেশ তিন কিস্তিতে প্রায় ২৩১ কোটি ডলার পেয়েছে। এর মধ্যে প্রথম কিস্তিতে ৪৭ কোটি ৬৩ লাখ, দ্বিতীয় কিস্তিতে ৬৮ কোটি ১০ লাখ এবং ২০২৪ সালের জুনে তৃতীয় কিস্তিতে ১১৫ কোটি ডলার ছাড় হয়েছে। চতুর্থ কিস্তির আগেই শর্ত বাস্তবায়নে কিছু ঘাটতির কারণে বিপত্তি দেখা দেয়, তবে সরকার আশা করছে আগামী জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তির ২৩৯ কোটি ডলার একসঙ্গে ছাড় পাবে।
আইএমএফের শর্ত পূরণে বাংলাদেশের সামনে প্রধানত তিনটি বাধা রয়েছে— মুদ্রা বিনিময় হারকে বাজারভিত্তিক করা, জিডিপির ০.৫ শতাংশ সমপরিমাণ অতিরিক্ত রাজস্ব আদায়, এবং এনবিআরের রাজস্ব নীতিকে রাজস্ব প্রশাসন থেকে আলাদা করা।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের মেয়াদে আইএমএফের এটি দ্বিতীয় বড় প্রতিনিধি দলের সফর। সংশ্লিষ্ট মহল আশা করছে, এবারের আলোচনার মাধ্যমে আগের জটিলতা কেটে গিয়ে কিস্তির অর্থ ছাড়ের পথ সুগম হবে।