ছুটির মধ্যেই শনিবার যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক
নিজস্ব প্রতিবেদক । দিগন্ত জার্নাল অর্থনীতি । বুধবার, ১১ ফেব্রয়ারি ২০২৬
জ্বালানি তেল সরবরাহ নির্বিঘ্ন রাখতে ছুটির মধ্যেই আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেশের কয়েকটি ব্যাংকের শাখা ও উপশাখা সীমিত পরিসরে খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএমএডি) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুলের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, দেশব্যাপী নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ডিলারদের জ্বালানি তেল ক্রয়ের সুবিধার্থে এবং ব্যাংকগুলোর চাহিদার প্রেক্ষিতে নির্বাচনী ছুটির মধ্যেও কিছু ব্যাংকের শাখা খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।
যেসব ব্যাংকে লেনদেন চলবে
পূবালী ব্যাংক পিএলসি: খুলনার খালিশপুর, নারায়ণগঞ্জের ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর, রংপুরের শাপলা চত্বর, চট্টগ্রামের আগ্রাবাদ, চাঁদপুর প্রধান, ঝালকাঠি, বরিশাল, কিশোরগঞ্জের ভৈরব বাজার ও সিলেটের বড়ই কান্দি শাখা।
উত্তরা ব্যাংক পিএলসি: খুলনার খালিশপুর শাখা।
জনতা ব্যাংক পিএলসি: সিরাজগঞ্জের বাঘাবাড়ী ঘাট শাখা।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি: সিরাজগঞ্জের বাঘাবাড়ী ঘাট শাখা।
ওয়ান ব্যাংক পিএলসি: দিনাজপুরের পার্বতীপুর উপশাখা।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় টানা চার দিন ব্যাংক বন্ধ থাকার কথা থাকলেও জরুরি প্রয়োজনে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।