পরবর্তী সরকারের সামনে প্রধান হয়ে দাঁড়াবে অর্থনৈতিক চ্যালেঞ্জ
নিজস্ব প্রতিবেদকে । দিগন্ত জার্নাল অর্থনীতি । বুধবার, ১১ ফেব্রয়ারি ২০২৬
পরবর্তী সরকারের সামনে দেশের অর্থনীতিকে স্থিতিশীল ও গতিশীল করার ক্ষেত্রে একাধিক বড় চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য ও শিল্পের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিক খাতের সংস্কারই হবে আগামী সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, ব্যবসা সম্প্রসারণ ছাড়া টেকসই কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয়, আর কর্মসংস্থান না বাড়লে মানুষের ক্রয়ক্ষমতাও শক্তিশালী হবে না।
তিনি বলেন, বাংলাদেশের শিল্পভিত্তি এখনও তুলনামূলকভাবে ছোট এবং দেশটি রপ্তানির ওপর অতিরিক্ত নির্ভরশীল। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে শক্তিশালী না করলে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন কঠিন হবে।
মূল্যস্ফীতি প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, এটি একটি বহুমাত্রিক সমস্যা এবং কেবল মুদ্রানীতির মাধ্যমে এর সমাধান সম্ভব নয়। তিনি স্বীকার করেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কিছু উদ্যোগ নেওয়া হলেও আরও সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।
ব্যাংকিং খাত সম্পর্কে তিনি বলেন, খাতটির পুনর্গঠনে পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে সামনে আরও কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ঋণপ্রবাহ এখনও কাঙ্ক্ষিত মাত্রায় ফেরেনি, যদিও সাম্প্রতিক সময়ে আমানত বাড়তে শুরু করেছে।
ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে ব্যাংকের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমাতে পুঁজিবাজার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, একটি শক্তিশালী বন্ড মার্কেট ও ইকুইটি অংশগ্রহণ ছাড়া টেকসই শিল্পায়ন সম্ভব নয়।
এছাড়া বিমা ও জ্বালানি খাতকে দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি অভ্যন্তরীণ জ্বালানি অনুসন্ধান এবং নবায়নযোগ্য শক্তি, বিশেষ করে সৌরশক্তির উন্নয়নের ওপর জোর দেন।