খালেদা জিয়ার পুত্রবধূর মা এসইউএফ মুকরেমা রেজার ইন্তেকাল
দিগন্ত জার্নাল ডেস্ক:
রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ || বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজা আর নেই। রোববার ভোররাত ৩টা ৪৫ মিনিটে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
আজ রোববার বাদ আসর বনানী ডিওএইচএস মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের জননী।
মায়ের অসুস্থতার খবর পেয়ে গত ৩০ মার্চ জরুরি ভিত্তিতে লন্ডন থেকে ঢাকায় ফেরেন মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। দেশে ফিরে তিনি পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মায়ের সেবায় নিয়োজিত ছিলেন।
এসইউএফ মুকরেমা রেজার মৃত্যুতে তার পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।