আ'লীগের রাজনীতির অধিকার নাই, ভারতের দাদাগিরি চলবে না”—জাগপা সভাপতি - দিগন্ত জার্নাল

আ’লীগের রাজনীতির অধিকার নাই, ভারতের দাদাগিরি চলবে না”—জাগপা সভাপতি

দিগন্ত জার্নাল ডেস্ক:

রোববার, ৬ এপ্রিল ২০২৫ || জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, “গণহত্যাকারী আওয়ামী লীগ বাংলার মাটিতে রাজনীতি করার অধিকার হারিয়েছে, আর তাদের প্রভু ভারতও হারিয়েছে তাদের স্টেকহোল্ডার আওয়ামী লীগের গদি। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একই সঙ্গে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার এবং ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। অতএব, এই বাংলার জমিনে আওয়ামী লীগের রাজনীতি আর ভারতের দাদাগিরি চলবে না।”

রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাগপা’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘আওয়ামী লীগের রাজনীতি এবং ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাগপা সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেন, “নরেন্দ্র মোদী টুইট করেছেন বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা ও সীমান্তে অবৈধ প্রবেশ নিয়ে। আমি তাকে স্মরণ করিয়ে দিতে চাই, অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে শেখ হাসিনা ও আওয়ামী নেতারা। সীমান্তে সাধারণ বাংলাদেশিদের হত্যা না করে তাদের গ্রেফতার করুন। হিন্দুরা শান্তিতে আছে শেখ হাসিনার বিদায়ের পর। বরং আপনি হিন্দুস্তানে মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করুন।”

তিনি আরও বলেন, “ভারতে মসজিদ দেখলেই মনে হয় মাটির নিচে মন্দির আছে। বর্তমানে ওয়াক্ফ সংশোধনী বিলের মাধ্যমে মুসলমানদের দানকৃত ধর্মীয় সম্পদগুলো দখলের নীলনকশা করা হচ্ছে। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরি করে ড. মুহাম্মদ ইউনূসের সরকার উৎখাতের ষড়যন্ত্র চলছে। কলকাতা, আগরতলা, মেঘালয় ও দিল্লির মাটি পলাতক আওয়ামী নেতারা নির্বিঘ্নে ব্যবহার করছে। ভারতের এই নীলনকশা বাংলায় আর চলবে না।”

জুলাই, পিলখানা, শাপলা চত্বর এবং লগি-বৈঠা গণহত্যার বিচার দাবির কথাও জানান জাগপা সহসভাপতি।

যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, মো. হাসমত উল্লাহ, সহসভাপতি ভিপি মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ফিরোজ, শাহাজান আহমেদ লিটন, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম হাসু, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, যুব জাগপা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ সিরাজুল ইসলাম, জাগপা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জীবন আহমেদ অভি, সাংগঠনিক সম্পাদক মো. জামাল আকন্দ, দপ্তর সম্পাদক মাহবুব আলম, জিয়াউল আনোয়ার প্রমুখ।

an adbox will go here