বিজিএমইএ নির্বাচন জমে উঠেছে, দুই প্যানেলের মনোনয়নপত্র জমা
দিগন্ত জার্নাল ডেস্ক:
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ || তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচন জমে উঠেছে। এবারও ফোরাম ও সম্মিলিত পরিষদ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। শনিবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে প্যানেল দুটি প্রার্থীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছে।
ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বিজিএমইএ’র সাবেক জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা ও আনোয়ার উল আলম চৌধুরী, ফোরামের সভাপতি এম এ সালাম, মহাসচিব ড. রশিদ আহমেদ হোসাইনী এবং প্রধান সমন্বয়ক ফয়সাল সামাদ। পরে সম্মিলিত পরিষদের প্যানেল লিডার আবুল কালাম মনোনয়নপত্র জমা দেন। তার সঙ্গে ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি ফারুক হাসান ও সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব।
মনোনয়নপত্র জমার পর ফোরামের মাহমুদ হাসান খান বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে ফোরাম মোটেও চিন্তিত নয়। একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ফোরাম, যাতে সাধারণ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তিনি জানান, ফোরাম নির্বাচিত হলে স্বচ্ছ, জবাবদিহিতামূলক বিজিএমইএ গড়ে তুলবে, যেখানে সদস্যদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য রেশনিং ব্যবস্থা চালু, দুটি হাসপাতাল প্রতিষ্ঠা এবং ব্যবসার ব্যয় কমানোর বিষয়েও কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি অঙ্গীকার করেন যে, এজেন্ডাভিত্তিক প্রতিশ্রুতিগুলো পূরণ করা হবে।
তিনি আরও জানান, এবার বিজিএমইএ সদস্য হওয়ার শর্ত যথাযথভাবে পালন করা হয়েছে, যদিও ভুয়া ভোটারদের শতভাগ বাদ দেওয়া সম্ভব হয়নি। নবীন ও প্রবীণের সমন্বয়ে গঠিত ফোরামের প্যানেলে অধিকাংশই তরুণ উদ্যোক্তা, যারা ব্যবসা বোঝেন এবং সংগঠনের জন্য সময় দিতে পারবেন।
ফোরামের প্রার্থী যমুনা গ্রুপের পরিচালক রোজালিন ইসলাম বলেন, অতীতে ফোরামের নেতৃত্বে গার্মেন্টস মালিকদের সমস্যাগুলো সরকারের কাছে তুলে ধরা হয়েছে বলেই তিনি ফোরামে যুক্ত হয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, এবারের নির্বাচন সুষ্ঠু হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৫-২০২৭ মেয়াদে বিজিএমইএ’র পরিচালনা পর্ষদের নির্বাচন হবে আগামী ২৮ মে। ৩৫টি পরিচালক পদে ভোট হবে, যেখানে ১ হাজার ৮০৬ জন গার্মেন্ট মালিক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিজিএমইএ সভাপতি আব্দুল মান্নান কচি বিদেশে পালিয়ে যান। এরপর সমঝোতার ভিত্তিতে সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলামকে সভাপতি করা হলেও ফোরামের আপত্তিতে পর্ষদ ভেঙে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনকে সরকার বিজিএমইএ’র প্রধান হিসেবে নিয়োগ দেয়।