স্বাস্থ্য খাতে দ্রুত সংস্কারের নির্দেশ প্রধান উপদেষ্টার
দিগন্ত জার্নাল ডেস্ক:
স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের সমস্যা নিরসনে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন পেশ করলে তিনি এ নির্দেশ দেন। ড. ইউনূস এই প্রতিবেদনকে “যুগান্তকারী পদক্ষেপ” বলে উল্লেখ করেন। তিনি বলেন, “স্বাস্থ্য খাতের সমস্যাগুলো বহুদিনের। যদি আমরা এই সুপারিশগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে এটি একটি বড় অর্জন হবে।”
প্রধান উপদেষ্টা বলেন, “একটি বড় সমস্যা হলো ডাক্তার সংকট। আবার কোথাও ডাক্তার থাকলেও প্রয়োজনে সে জায়গায় থাকেন না। এটা স্থায়ীভাবে সমাধান করতে হবে।” তিনি চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণের ওপর জোর দেন এবং বলেন, “চিকিৎসকদের পোস্টিং অনুসারে সেবা প্রদান নিশ্চিত করতে হবে।”
প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান এবং সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন—অধ্যাপক ডা. মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক লিয়াকত আলী, ডা. সায়েবা আক্তার, সাবেক সচিব এম এম রেজা, ডা. আজহারুল ইসলাম, ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, ডা. সৈয়দ আতিকুল হক, ডা. আহমেদ এহসানুর রাহমান এবং শিক্ষার্থী প্রতিনিধি উমায়ের আফিফ। কমিশনের আরও দুই সদস্য হলেন ডা. নায়লা জামান খান ও ডা. মোজাহেরুল হক।