অন্তর্বর্তী সরকার একটি বিভাগের প্রতি পক্ষপাতদুষ্ট বললেন সারজিস আলম
দিগন্ত জার্নাল ডেস্ক:
শুক্রবার, (২০ জুন ২০২৫) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্দিষ্ট বিভাগের প্রতি পক্ষপাত দেখাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সারজিস লিখেছেন, “এ অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম সীমাবদ্ধতা হলো—উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে উন্নয়ন বরাদ্দ। অনেক ক্ষেত্রে তারা একটি বিভাগের দিকে পক্ষপাতদুষ্ট।”
গত বছরের ৮ আগস্ট নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, তা প্রায় এক বছর পূর্ণ করতে চলেছে। সারজিসের মতে, গণআকাঙ্ক্ষার সেই সরকারে নিরপেক্ষতার অভাব স্পষ্ট।
সারজিসের পোস্টের পরপরই বহু নেটিজেন মন্তব্য করে তার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন। ‘মি. ফরএভার’ নামের একটি আইডি থেকে মন্তব্য করে বলা হয়, “উপদেষ্টা পরিষদ গঠন কিংবা উন্নয়ন বাজেট বণ্টনে একটি নির্দিষ্ট বিভাগ বা অঞ্চলের প্রতি পক্ষপাত দেখা যায়, যা সার্বজনীন উন্নয়নকে ব্যাহত করে এবং সরকারের উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করে।”
আরেকজন নেটিজেন মতামত দেন, “উপদেষ্টা পরিষদ থেকে কয়েকজনকে বাদ দিলে পরিস্থিতি সুন্দর হবে।”
তবে সকলেই একমত নন। জাকারিয়া রোমেল নামের একজন সারজিসের বক্তব্যের বিরোধিতা করে মন্তব্য করেন, “একটা বিভাগ নয়, বরং ‘বৈষম্যবিরোধী’ নামে এনসিপি নেতাদের দিকেই সরকারের পক্ষপাত।”
এদিকে, এনসিপি নেতা সারজিস আলম কোনো মন্তব্যের জবাব না দিলেও আগের দিন, বৃহস্পতিবার (১৯ জুন) তিনি আরেকটি পোস্টে লেখেন, “ইসরাইলের পতন আবশ্যক ইনশাআল্লাহ।”