নির্বাচনে অংশ নিচ্ছেন কি যা বললেন তারেক রহমান
রাজনীতি ডেস্ক:
সোমবার, ৬ অক্টোবর ২০২৫ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন।
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সেটি তো নেব, কেন নিব না? অবশ্যই নিব… ইনশাআল্লাহ।”
দেড় যুগ পর দেশে ফেরার ইঙ্গিত
২০০৮ সাল থেকে লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন তারেক রহমান। বিদেশে যাওয়ার আগে তিনি জেলে অমানবিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।
সেই সময় থেকে তিনি বিদেশে থেকেই দল পরিচালনা করেছেন এবং চব্বিশের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
হাসিনা সরকারের পতনের পর তার দেশে ফেরার আলোচনা জোরদার হয়েছে। এরই মধ্যে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো থেকেও তিনি অব্যাহতি পেয়েছেন বলে সূত্র জানায়।
বিএনপির নির্বাচনী প্রস্তুতি
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ইতোমধ্যে ৭০ শতাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে।
দলীয় সূত্র জানায়, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।
প্রধানমন্ত্রী পদের প্রশ্নে তারেকের জবাব
প্রধানমন্ত্রী পদের প্রত্যাশা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন,
“আমি একজন রাজনৈতিক দলের সদস্য, একজন রাজনৈতিক কর্মী। নির্বাচন মানে জনগণের সম্পৃক্ততা—সেখানে আমি দূরে থাকতে পারব না। স্বাভাবিকভাবেই মাঠে থাকবো ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন,
“প্রধানমন্ত্রী কে হবেন, এটি আমার নয়—এটি বাংলাদেশের জনগণের এবং দলের সিদ্ধান্ত।”
২০০৮ সালের নির্বাচনের পর থেকে অনুষ্ঠিত চারটি সংসদ নির্বাচনে দেশে ছিলেন না তারেক রহমান। সেই নির্বাচনগুলোকে বিএনপি ‘প্রশ্নবিদ্ধ ও ত্রুটিপূর্ণ’ বলে দাবি করেছিল।
তবে এবার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশে স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি গঠনে তারেক রহমানের প্রত্যাবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।