হাসিনার রায়ের অপেক্ষায় জাতি: মির্জা ফখরুল - দিগন্ত জার্নাল

হাসিনার রায়ের অপেক্ষায় জাতি: মির্জা ফখরুল

শেখ হাসিনা, রায়, মির্জা ফখরুল, মানবতাবিরোধী, অপরাধ, আন্তর্জাতিক, অপরাধ, ট্রাইব্যুনাল, লাইভ সম্প্রচার, জুলাই, গণঅভ্যুত্থান, রাজনৈতিক সংবাদ, জাতীয়, ১৭ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক ।জাতীয় । সোমবার , ১৭ নভেম্বর ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে আজ সোমবার। এ রায়কে কেন্দ্র করে পুরো জাতি অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষিত হবে। আমি আশা করব আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে। জাতি অপেক্ষায় আছে!’

শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং দেশের সব গণমাধ্যম। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সও রায় ঘোষণা কার্যক্রম সরাসরি প্রচার করবে। পাশাপাশি ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।

আজ সকাল থেকেই ট্রাইব্যুনালে অবস্থান নিয়েছে বিটিভির বিশেষ লাইভ টিম। সকাল ৮টার পর তারা ট্রাইব্যুনাল গেটে অবস্থান নেয়। আদালত এলাকায় দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের ভিড়ও বাড়ছে।

আদালত সূত্র জানায়, বেলা ১১টার পর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রায়কে ঘিরে সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র‌্যাব, এপিবিএন, বিজিবিসহ সেনাবাহিনীও মোতায়েন রয়েছে। গোয়েন্দা সংস্থার সদস্যরাও কড়া নজরদারিতে রয়েছেন।

Home » হাসিনার রায় মির্জা ফখরুল
an adbox will go here