কিবরিয়া হত্যায় সালমান এফ রহমান জড়িত: রেজা কিবরিয়ার অভিযোগ
দিগন্ত জার্নাল ডেস্ক:
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের ২০ বছর পেরিয়ে গেলেও বিচার কার্যক্রম এখনও সম্পন্ন হয়নি। এ হত্যাকাণ্ডে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সালমান এফ রহমানের সম্পৃক্ততার অভিযোগ করেছেন নিহত কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া।
ড. রেজা কিবরিয়ার দাবি, সালমান এফ রহমান হত্যার জন্য অর্থায়ন করেন এবং আওয়ামী লীগের সাবেক তিন এমপি আবু জাহির, মজিদ খান ও ডা. মুশফিক চৌধুরী এ মিশনে সরাসরি জড়িত ছিলেন। তিনি বলেন, “আমার বাবাকে হত্যা করতে গ্রেনেড হামলা চালানো হয়। তাঁর শরীরে প্রায় ৪০০ স্প্লিন্টার বিদ্ধ হয়েছিল। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়নি। কারণ, আওয়ামী লীগের অনেকেই এ ঘটনায় জড়িত ছিলেন।”
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে জনসভায় অংশগ্রহণের পর গ্রেনেড হামলায় নিহত হন শাহ এএমএস কিবরিয়া। এই ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত নিয়ে নিহতের পরিবার শুরু থেকেই অসন্তোষ প্রকাশ করে আসছে। তারা অভিযোগ করেছে, প্রকৃত অপরাধীদের আড়াল করতে চার্জশিটে দুর্বলতা রাখা হয়েছে।
ড. রেজা কিবরিয়া আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার হবে। তবে বর্তমান সরকারের আমলে ন্যায়বিচার পাওয়া সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
এই দীর্ঘসূত্রিতার কারণে হতাশ কিবরিয়া পরিবার এবং স্থানীয় বাসিন্দারা এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন।