‘ফ্যাসিবাদ বিদায়, নতুন বাংলাদেশ গড়তে হবে’: জামায়াত সেক্রেটারি
দিগন্ত জার্নাল ডেস্ক:
জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। ২ হাজার শহিদ ও ৪ হাজার আহতের বিনিময়ে নতুন বাংলাদেশ জন্ম নিয়েছে। তাদের রক্তের ঋণ শোধ করতে হবে নতুন বাংলাদেশ গড়ার মাধ্যমে।”
সোমবার (২৭ জানুয়ারি) সাতক্ষীরার তালা উপজেলা জামায়াতের বার্ষিক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “হাসিনা সরকার জোর করে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছিল, যার ফলে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল। আজ দেশ এক পরিবার, এক দল এবং এক ব্যক্তির কথায় চলে।”
মিয়া গোলাম পরওয়ার বলেন, “দেশ থেকে দখলবাজ, লুটেরা, চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিতাড়িত করে নতুন বাংলাদেশ গড়ার জন্য জামায়াতে ইসলামের অঙ্গীকার রয়েছে।” তিনি হাসিনা সরকারের বিরুদ্ধে বিরোধীদের মতপ্রকাশের সুযোগ না দেওয়ার অভিযোগও তোলেন।
তিনি আরও বলেন, “আমরা বিএনপি জামায়াত এক হয়ে গণতন্ত্রের জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি এবং সংখ্যানুপাতিক প্রতিনিধি নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবেদন জানিয়েছি।”
তিনি বলেন, “১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি, কেননা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশলীগ মিলে জনগণকে ভোট কেন্দ্রে যেতে বাধা দিয়েছে।”
শেষে তিনি তালা-কলারোয়ায় শান্তিতে বসবাসের জন্য আগামী সংসদ নির্বাচনে অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহকে সমর্থন জানান এবং জামায়াতে ইসলামীতে অন্যান্য ধর্মের মানুষের যোগ দেওয়ার সুযোগের কথা উল্লেখ করেন।