ইবতেদায়ি শিক্ষকদের ওপর হামলা, রেজাউল করীমের প্রতিবাদ - দিগন্ত জার্নাল

ইবতেদায়ি শিক্ষকদের ওপর হামলা, রেজাউল করীমের প্রতিবাদ

দিগন্ত জার্নাল ডেস্ক:
চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া ইবতেদায়ি শিক্ষকদের ওপর অমানুষিক হামলা ও নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বিবৃতিতে তিনি বলেন, “আধুনিক দেশ ও জাতি গড়ার কারিগর, অধিকার বঞ্চিত ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশী হামলা এবং নির্যাতন মানবাধিকার লঙ্ঘন।”

মুফতি রেজাউল করীম বলেন, “গতকাল পুলিশ যেভাবে নারী শিক্ষক ও বয়োজ্যেষ্ঠ শিক্ষকদের ওপর হামলা চালিয়েছে, তা দেশবাসীকে হতবাক করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন আচরণ করতে পারে না।”

তিনি আরও বলেন, “ইবতেদায়ি শিক্ষকদের ওপর হামলার ঘটনায় তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা উচিত।” তিনি সরকারকে সতর্ক হওয়ার আহ্বান জানান যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

চরমোনাই পির অভিযোগ করেন, “৪০ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতা করার পরেও মাদ্রাসা শিক্ষকদের সমস্যার সমাধান না করা দুঃখজনক।” তিনি প্রধান উপদেষ্টার প্রতি আন্দোলনরত শিক্ষকদের দাবি বাস্তবায়ন করে তাদেরকে ক্লাসে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।

an adbox will go here