বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন শুরু, বহিষ্কৃতরা অযোগ্য
দিগন্ত জার্নাল ডেস্ক:
বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফরম বিতরণ উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, অতীতে দল থেকে যাদের বহিষ্কার বা অব্যাহতি দেওয়া হয়েছে, তারা প্রাথমিক সদস্যপদ নবায়ন করতে পারবেন না।
রিজভী বলেন, “দল থেকে যাদের বহিষ্কার করা হয়েছে, তাদের সব ধরনের পদ থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে তারা বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণেরও যোগ্য নন। এ বিষয়ে জেলার নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। কারণ, বিভিন্নভাবে আওয়ামী ফ্যাসিবাদী কীটপতঙ্গ বিএনপিতে প্রবেশের চেষ্টা করছে। তাদের প্রবেশ রোধে সজাগ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপিকে কলঙ্কিত করার জন্য নানা অপপ্রচার চলছে। প্রশাসন এবং বিভিন্ন সংস্থার সহযোগিতায় আমাদের রাজনৈতিক কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। তাই এই সদস্যপদ নবায়ন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে দলকে আরও স্বচ্ছ ও ঐক্যবদ্ধ রাখা যায়।”
এ সময় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরাফত আলী সফু এবং কার্যনির্বাহী কমিটির সদস্য সামসুজ্জামান মেহেদী প্রমুখ উপস্থিত ছিলেন।
দলটির নেতারা জানান, জেলা ও মহানগর শাখায় সদস্যপদ নবায়নের এই কার্যক্রম বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করবে।