ব্যক্তি স্বার্থে দলের ক্ষতি করলে ছাড় নয়: তারেক রহমান
দিগন্ত জার্নাল ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের আস্থা ধরে রাখতে হলে দলের স্বার্থ সবার আগে রাখতে হবে। ব্যক্তি স্বার্থে দলের ক্ষতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
বুধবার বিকালে যশোর জেলা বিএনপি আয়োজিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “কেউ যদি নিজের স্বার্থে দলের ক্ষতি করে, তাকে আমরা দলে টানব না। আমাদের অবস্থান পরিষ্কার—যে কোনো অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
তারেক রহমান আরও বলেন, “আমরা যদি সরকারে থাকতাম, তাহলে শুধু দল থেকে বাদ দেওয়া নয়, দেশের আইন অনুযায়ীও ব্যবস্থা নিতাম। এখন আমরা সেই অবস্থানে নেই, তবে দলীয়ভাবে কঠোর সিদ্ধান্ত নিচ্ছি।”
৫ আগস্টের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “রাজনৈতিক কর্মী-নেতারা যদি জনবিচ্ছিন্ন হয়ে পড়েন, জনগণের বিরুদ্ধে কাজ করেন, তাহলে কী পরিণতি হয়, আমরা দেখেছি। সেখান থেকে শিক্ষা নিয়ে জনগণের পাশে থাকতে হবে।”
যশোর জেলা বিএনপির সভাপতি অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে এ কর্মশালায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এতে দল ও অঙ্গসংগঠনের প্রায় ৮০০ নেতাকর্মী অংশ নেন।