বিএনপির শীর্ষ দুই নেতা যোগ দেবেন ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে
দিগন্ত জার্নাল ডেস্ক:
আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে বিএনপির শীর্ষ দুই নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী যোগ দেবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, যা দলের পক্ষ থেকে আগেই নিশ্চিত করা হয়েছিল।
দলের নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, ২ ফেব্রুয়ারি তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়ে ছিলেন, তারেক রহমান নিজে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। কারণ, বর্তমানে তার মা খালেদা জিয়া চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং তিনি সেখানে তার পাশে থাকতে চান।
জাইমা রহমানের এই প্রথমবারের মতো আন্তর্জাতিক একটি বড় আয়োজনে অংশগ্রহণ হতে যাচ্ছে। তার ভিসা এবং অন্যান্য প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।
‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ ১৯৫৩ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়, এবং এতে মার্কিন প্রেসিডেন্ট, সিনেটর, কংগ্রেস সদস্য, ব্যবসায়ী, এবং ১০০টিরও বেশি দেশের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এটি একটি নির্দলীয় অনুষ্ঠান যেখানে বিভিন্ন আন্তর্জাতিক নেতারা রাজনৈতিক, সামাজিক এবং ব্যবসায়িক বিষয়ে আলোচনা করেন এবং একত্রে প্রার্থনা করেন।