দেশ গঠনে বাধা মোকাবিলায় নেতাদের প্রস্তুত হতে বললেন তারেক রহমানের
দিগন্ত জার্নাল ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রত্যাশিত বাংলাদেশ গঠনের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের শপথ গ্রহণের মাধ্যমে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, লক্ষ্য বাস্তবায়নের পথে কোনো বাধা এলে দলীয় প্রতিরোধ গড়ে তোলার প্রতিজ্ঞা করতে বলেছেন।
মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, “আমরা একটি নির্বাচন চাই, যেখানে জনগণ সিদ্ধান্ত নেবে কে তাদের দেখভাল করবে। বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। অন্যান্য দলও মনে করে, দেশের মৌলিক সমস্যাগুলো সমাধানে বিএনপিকেই নেতৃত্ব দিতে হবে। মেরামতের কারিগর বিএনপিকে হতে হবে।”
তিনি আরও বলেন, “বিগত ১৫ বছরে বিএনপির বহু নেতাকর্মী গুম, খুন ও গায়েবি মামলার শিকার হয়েছেন। স্বৈরাচারী শাসনব্যবস্থা অনেকের ব্যবসা-বাণিজ্য ধ্বংস করেছে। কিন্তু বিএনপি জনগণের রাজনৈতিক অধিকার ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করতে চায়। যদি তা নিশ্চিত করা যায়, তাহলে জনগণের সমস্যার সমাধান করাও সম্ভব হবে।”
দলের প্রত্যেককে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “জনগণ যে দায়িত্ব আমাদের দিয়েছে বা দেবে, যে প্রতিশ্রুতি আমরা তাদের কাছে রেখেছি, সেই নেতৃত্ব দেওয়ার যোগ্যতা যেন আমরা অর্জন করতে পারি। এজন্য নিজেদের প্রস্তুত করতে হবে।” পাশাপাশি, যদি কোনো শক্তি দেশ গঠনের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে দলীয় প্রতিরোধ গড়ে তোলার প্রতিজ্ঞা করতে হবে। তার ভাষায়, “৩১ দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর শপথ আমরা নিয়েছি। কেউ যদি সেটাকে ব্যাহত করতে চায়, তাহলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলেই ২০ কোটি মানুষের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”
মাগুরা অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জমিউল্লাহ,
খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত,
মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ,
যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর,
অ্যাডভোকেট শাহেদ হাসান টগর প্রমুখ।
এ কর্মশালা বিএনপি নেতাকর্মীদের রাষ্ট্রকাঠামো মেরামতের কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দলীয় সূত্র জানিয়েছে।