ট্রাইব্যুনালের অসন্তোষ: আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ
দিগন্ত জার্নাল ডেস্ক:
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় অধিকাংশ আসামি গ্রেপ্তার না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখন পর্যন্ত ১০৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও, মাত্র ৩৫ জন গ্রেপ্তার হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গ্রেপ্তারিতে অসহযোগিতার অভিযোগ উঠেছে। আদালত এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে এ আদেশ দেন। এছাড়া তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
এদিন ইমাম হাসান তাইম হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, তবে প্রতিবেদন প্রস্তুত না হওয়ায় সময় বৃদ্ধির আবেদন করা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্রেপ্তার কার্যক্রমে সহায়তা করেননি। ট্রাইব্যুনাল এই বিষয়ে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
প্রসিকিউটর সুলতান মাহমুদ বলেন, কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করতে গিয়ে সহযোগিতা না পাওয়ার কারণে তদন্ত অগ্রসর হচ্ছে না। ট্রাইব্যুনাল বলেছে, যদি আগামী দুই মাসে তদন্ত প্রতিবেদন না আসে এবং আসামি গ্রেপ্তার না হয়, তাহলে সংশ্লিষ্টদের ব্যাখ্যা দিতে হবে।