প্রায় ২০ লাখ মুসল্লির জুমা আদায় টঙ্গীর তুরাগ তীরে - দিগন্ত জার্নাল

প্রায় ২০ লাখ মুসল্লির জুমা আদায় টঙ্গীর তুরাগ তীরে

দিগন্ত জার্নাল ডেস্ক:
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে জুমার নামাজের জামাত। এতে প্রায় ২০ লাখ মুসল্লি অংশগ্রহণ করেছেন। দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা পায়ে হেঁটে কিংবা বিভিন্ন যানবাহনে করে ইজতেমা মাঠে এসে যোগ দেন।

জুমার নামাজে ইমামতি করেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ। তিনি দুপুর ১টা ৪৩ মিনিটে খুৎবা শুরু করেন এবং ১টা ৫৬ মিনিটে নামাজ আদায় করেন। শুরারি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার সকাল থেকেই টুপি, পাঞ্জাবি পরে মুসল্লিরা জায়নামাজ হাতে ইজতেমা মাঠে পৌঁছানোর জন্য ছুটে যাচ্ছিলেন। দেশ-বিদেশ থেকে হাজার হাজার মুসল্লি একত্রিত হয়ে বেশি সওয়াব অর্জনের উদ্দেশ্যে একত্রে নামাজ আদায় করেন। জামাতটি এত বিশাল ছিল যে, প্যান্ডেলের গন্ডি ছাড়িয়ে এর বিস্তৃতি চারপাশে ছড়িয়ে পড়ে।

বিশ্ব ইজতেমায় যোগ দিতে দেশ-বিদেশ থেকে মুসল্লিদের স্রোত অব্যাহত রয়েছে এবং আখেরি মোনাজাত পর্যন্ত এটি আরও প্রবল হবে। আগামী রোববার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে, এবং ৩ থেকে ৫ ফেব্রুয়ারি প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ি নেজামের ইজতেমা। ইজতেমার দ্বিতীয় পর্ব ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

an adbox will go here