কর্নেল অলি আহমেদের উপর হামলার ঘটনায় সাবেক প্রতিমন্ত্রীসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা
দিগন্ত জার্নাল ডেস্ক:
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের ওপর হামলার ঘটনায় সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীসহ ২০১ জনকে আসামি করে আদালতে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে চন্দনাইশের বাসিন্দা সালাহ উদ্দিন মামলাটি দায়ের করেন।
মামলায় চট্টগ্রাম-১৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী, সংরক্ষিত আসনের সাবেক এমপি চেমন আরা তৈয়ব, চন্দনাইশ পৌরসভার সাবেক মেয়র মাহবুবুল আলম খোকা, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল কাইয়ূম চৌধুরী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ ২০১ জনকে আসামি করা হয়েছে।
আদালত মামলার আবেদন গ্রহণ করে নগরীর কোতোয়ালি থানাকে এটি এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। আদালতের বেঞ্চ সহকারী নুর-ই খোদা বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের ২৪ নভেম্বর চট্টগ্রাম আদালতে হাজিরা দিতে গেলে কর্নেল (অব.) অলি আহমদ ও তার সঙ্গীদের ওপর হামলা চালানো হয়। এসময় তার গাড়িও ভাঙচুর করা হয়।
বাদীর আইনজীবী রফিকুল ইসলাম জানান, আদালত মামলার আবেদন গ্রহণ করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।