সংস্কার যত দীর্ঘায়িত হবে, দেশ তত সংকটে পড়বে: তারেক রহমান
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকা, ৩ ফেব্রুয়ারি: সংস্কার প্রস্তাবের আলোচনা দীর্ঘায়িত হলে দেশ গভীর সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “যদি সংস্কারের আলোচনা দীর্ঘ করা হয়, তাহলে স্বৈরাচারের জন্য সুযোগ সৃষ্টি হবে। দেশের সব শ্রেণি-পেশার মানুষ যে স্বৈরাচারকে বিতাড়িত করেছে, তা আবার ফিরে আসতে পারে। তাই যাঁরা সংস্কারের কথা বলছেন, তাঁরা যেন এটি দীর্ঘায়িত না করেন।”
তারেক রহমান আরও বলেন, সংস্কার বাস্তবায়নের জন্য সবার আগে নির্বাচন প্রয়োজন। জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে পারবেন। তাই দ্রুত নির্বাচনই একমাত্র সমাধান।
তিনি বলেন, “নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। অনেকে প্রশ্ন করেন, নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হবে? আমি বলি, সঙ্গে সঙ্গে সব সমস্যার সমাধান হবে না, তবে নির্বাচিত সরকার ধাপে ধাপে সমস্যাগুলো সমাধান করতে পারবে।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ আমাদের যদি সুযোগ দেয়, তবে আমরা প্রতিজ্ঞা করি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রতিটি সংস্কার প্রস্তাব বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।”
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে শ্যামপুরের কদমতলীর বালুর মাঠে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কর্মশালায় মহানগর দক্ষিণের ২৪টি থানার বিএনপিসহ ১১টি অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।