সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন নয়, আগে চায় স্থানীয় সরকার ভোট: জামায়াত
দিগন্ত জার্নাল ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে জানিয়েছে, নির্বাচনি প্রক্রিয়ার জরুরি সংস্কার সম্পন্ন করেই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। একই সঙ্গে দলটি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের সঙ্গে জামায়াতের প্রতিনিধিরা বৈঠক করেন। বৈঠক শেষে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয় (No Election Without Reforms)। তবে সব সংস্কার নয়, শুধু নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করতে হবে।”
একযুগ পর ইসির সঙ্গে বৈঠক করা জামায়াতের পক্ষ থেকে ২৩ দফা সুপারিশ পেশ করা হয়েছে। এসব সুপারিশের মধ্যে রয়েছে—আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চালু করা, ভোট কারচুপির অভিযোগে নির্বাচনের আংশিক বা সম্পূর্ণ বাতিলের বিধান ফিরিয়ে আনা, প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা এবং সরকারি চাকরি থেকে অবসরের তিন বছরের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা।
নিবন্ধন আইনের কঠোর শর্তের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, “নিবন্ধন আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এটি বাতিল করা উচিত। কারণ, দল ও রাজনীতি করার অধিকার সবার আছে।”
তিনি আরও জানান, জামায়াত ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচনের জন্য দলীয় প্রস্তুতি চলমান রয়েছে।