মির্জা ফখরুল: বন্ধুত্ব করতে হলে ভারতকে তিস্তার পানি দিতে হবে
দিগন্ত জার্নাল ডেস্ক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতকে পরিষ্কারভাবে বলতে চান, “যদি বাংলাদেশে মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চান, আগে তিস্তার পানি দিন এবং সীমান্ত হত্যা বন্ধ করুন।” তিনি এ কথা সোমবার, লালমনিরহাট সদর উপজেলার তিস্তা রেলসেতু এলাকায় ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে বলেন।
মির্জা ফখরুল বলেন, “শুধু তিস্তা নয়; ৫৪টি নদী আছে যেগুলো ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত হয়। এসব নদীর উজানে ভারত বাঁধ দিয়েছে, পানি তুলে নিয়ে যায় এবং বিদ্যুৎ উৎপাদন করে, ফলে আমাদের দেশে কৃষকরা চাষাবাদ করতে পারেন না। নদী দিয়ে মাছ ধরার জেলেরা জীবিকা উপার্জন করতে পারছেন না।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আপনাদের নিরপেক্ষ অবস্থান শুধু কথায় হতে পারে না, আপনাদের মুখ খুলতে হবে এবং ভারতকে বলতে হবে— ‘আমার পানির ন্যায্য হিস্যা আমি চাই’। এবং আপনাদের দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে।”
তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সাবেক উপমন্ত্রী আসাদুল হাবীব দুলু, বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু, জাতীয় পার্টির সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কণ্ঠশিল্পী বেবি নাজনীনসহ অন্যান্য নেতৃবৃন্দ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
এদিকে, তিস্তা নদীর দুই পাড়ে ১১টি পয়েন্টে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি চলছে। লালমনিরহাট, রংপুর, নীলফামারী, গাইবান্ধা এবং কুড়িগ্রাম জেলার ১১টি পয়েন্টে বিক্ষোভের আয়োজন করা হয়েছে, যেখানে তিস্তাপারের মানুষ তাদের দাবি আদায়ের জন্য ব্যাপক অংশগ্রহণ করছে। কর্মসূচির স্লোগান ছিল, “জাগো বাহে তিস্তা বাঁচাই”, যা তিস্তা নদীর দুই তীরকে মুখরিত করে তোলে।