ছাত্ররাজনীতি বন্ধ করতে চাওয়া ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ: নাছির
দিগন্ত জার্নাল ডেস্ক:
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ছাত্ররাজনীতি বন্ধ করার চেষ্টা ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ।
মঙ্গলবার তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে এ মন্তব্য করেন।
নাছির উদ্দীন নাছির লিখেছেন, “ছাত্রদের রাজনীতি করার অধিকার কেড়ে নিতে চাওয়া অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং আন্তর্জাতিক আইন অনুসারে মৌলিক অধিকারের পরিপন্থি।”
তিনি আরও বলেন, “ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করার সুযোগ দিলে যেকোনো ধরনের সংঘাত এড়ানো সম্ভব। কথিত সাধারণ শিক্ষার্থীদের নামে গোপন সংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আড়ালে বিরাজনীতিকরণের চেষ্টা করা হলে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস হবে এবং শুধু বাংলাদেশবিরোধী গোপন নিষিদ্ধ সংগঠনগুলোর তৎপরতা বাড়বে।”
স্ট্যাটাসে নাছির সকলকে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ ও পরমতসহিষ্ণুতা চর্চার অনুরোধ জানিয়েছেন।