কুয়েট উপাচার্য লাঞ্ছনার ঘটনায় ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ
দিগন্ত জার্নাল ডেস্ক:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “একদল উত্তেজিত শিক্ষার্থী উপাচার্যকে ক্যাম্পাসে অবরুদ্ধ করে শারীরিকভাবে হেনস্তা করে এবং একপর্যায়ে হামলা চালায়। এতে তিনি অসুস্থ হয়ে মেডিকেল সেন্টারে ভর্তি হন।”
ছাত্রদল নেতারা অভিযোগ করেন, “একটি চক্র কুয়েট ক্যাম্পাসকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনাটি এরই অংশ, যা ছাত্রলীগের ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি।”
বিবৃতিতে তারা উপাচার্যের ওপর হামলার সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।