সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৮ এপ্রিল
দিগন্ত জার্নাল ডেস্ক:
গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
প্রসিকিউটর মো. তাজুল ইসলাম জানান, তদন্তের জন্য বিভিন্ন হাসপাতাল পরিদর্শন, আলামত সংগ্রহ ও ভিডিও ফরেনসিক বিশ্লেষণের কাজ চলছে, যা সময়সাপেক্ষ। এজন্য বাড়তি সময় প্রয়োজন।
এদিকে, আসামিপক্ষের আইনজীবী নাজনীন নাহার আদালতের কাছে তার মক্কেলকে দুটি আইনি বই সরবরাহের আবেদন করলে প্রসিকিউশন এতে আপত্তি জানায়। আদালত বই সরবরাহের জন্য ডাক বা কুরিয়ারের মাধ্যমে পাঠানোর আবেদন করতে বলেন এবং প্রয়োজন হলে পরবর্তী নির্দেশনার আশ্বাস দেন।
প্রসঙ্গত, গত বছর ১৫ আগস্ট মধ্যরাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার হন জিয়াউল আহসান। তিনি ২০২২ সাল পর্যন্ত ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি গুম ও বিচারবহির্ভূত হত্যাসহ কয়েকটি মামলায় কারাগারে রয়েছেন।