অভিনেতা জ্যাক সজল: ‘আমি হিরো নয়, একজন অভিনেতা হতে চাই’
দিগন্ত জার্নাল ডেস্ক:
অল্প সময়ের মধ্যেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন ছোট পর্দার অভিনেতা জ্যাক সজল। সম্প্রতি তিনি নির্মাতা আদিফ হাসান পরিচালিত ‘পাজর ৩’ নাটকে অভিনেতা আরশ খান এর বিপরীতে একটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, যা বর্তমানে দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
এর আগে আদিফ হাসান পরিচালিত ও সহযোগী পরিচালক আরাবী নোমান এর নাটক ‘অল্পস্বল্প প্রেম’-এর মাধ্যমে তিনি দর্শকের কাছে পরিচিতি লাভ করেন। তার জনপ্রিয় নাটকগুলোর মধ্যে ‘চ্যালেঞ্জ’, ‘গার্লফ্রেন্ডের ছোট বোন’, ‘চাচাতো বোনের বিয়ে’, ‘গার্মেন্টস যোদ্ধা’ ও ‘প্রবাসীর সুখ’ অন্যতম। এছাড়াও তিনি ‘জানোয়ার রিটার্ন’, ‘রাজা রানী’, ‘ছিদ্র’, ‘কিপটুসের বিয়ে’-সহ আরও বেশ কয়েকটি নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।
অভিনয় নিয়ে নিজের ভাবনা প্রকাশ করে জ্যাক সজল বলেন, “আমি হিরো হিসেবে নয়, বরং একজন অভিনেতা হিসেবে দর্শকদের সামনে নিজেকে উপস্থাপন করতে চাই। চরিত্রের মধ্যে নিজেকে ভাঙতে চাই, দর্শক যেন আমাকে গল্পের চরিত্রের মাধ্যমেই মনে রাখে। তাদের ভালোবাসায় আমি নিজেকেই ছাড়িয়ে যেতে চাই।”
নতুন প্রতিভাদের জন্য সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি নির্মাতা ও প্রযোজকদের উদ্দেশ্যে বলেন, “নতুনদের ভালো কাজের সুযোগ করে দেওয়া উচিত, যাতে তারাও নিজেদের প্রতিভা দিয়ে দর্শকের মন জয় করতে পারে।”