নতুন রাজনৈতিক দল গঠনের আগে নেতৃত্ব নিয়ে মতানৈক্য - দিগন্ত জার্নাল

নতুন রাজনৈতিক দল গঠনের আগে নেতৃত্ব নিয়ে মতানৈক্য

দিগন্ত জার্নাল ডেস্ক:

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। ৬ ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। তবে দল গঠনের আগেই নেতৃত্বের দাবিতে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে।

বিশেষ করে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির এই দল গঠনের প্রক্রিয়ায় ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতাদের পদ দাবি করাকে কেন্দ্র করে মতানৈক্য তৈরি হয়েছে। সব পক্ষকে সন্তুষ্ট করতে নেতৃত্ব কাঠামোয় নতুন পদ সংযোজনের পরিকল্পনা করা হচ্ছে।

নতুন দলের কাঠামোতে আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র পদ থাকবে। তবে কোন পদে কে থাকবেন তা চূড়ান্ত হয়নি। নাগরিক কমিটির সদস্যরা বর্তমান সদস্য সচিব আখতার হোসেনকে একই পদে রাখার পক্ষে মত দিয়েছেন, তবে সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নাসিরুদ্দীন পাটওয়ারীর নামও আলোচনায় রয়েছে।

অন্যদিকে, ছাত্রশিবিরের সাবেক নেতারা চান নাগরিক কমিটির নির্বাহী সদস্য এবং শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আলী আহসান জোনায়েদকে সদস্য সচিব করা হোক।

নাগরিক কমিটির আহ্বায়ক পাটওয়ারী জানান, আহ্বায়ক পদ ছাড়া এখনো কোনো পদ চূড়ান্ত হয়নি। তিনি বলেন, “আমরা বিশ্বের বিভিন্ন রাজনৈতিক দলের কাঠামো বিশ্লেষণ করে আমাদের দলটির সাংগঠনিক কাঠামো তৈরি করছি, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।”

an adbox will go here