বিএনপি জিতলে খালেদা জিয়া রাষ্ট্রপতি, তারেক রহমান প্রধানমন্ত্রী—ফেসবুকের প্রচার সঠিক নয়: রিজভী - দিগন্ত জার্নাল

বিএনপি জিতলে খালেদা জিয়া রাষ্ট্রপতি, তারেক রহমান প্রধানমন্ত্রী—ফেসবুকের প্রচার সঠিক নয়: রিজভী

দিগন্ত জার্নাল ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে খালেদা জিয়া রাষ্ট্রপতি ও তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন—এমন প্রচার সঠিক নয় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ফেসবুকে কিছু নেতা বা ব্যক্তি এমন পোস্ট দিচ্ছেন, যা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত মতামত। এটি বিএনপির কোনো আনুষ্ঠানিক অবস্থান নয়।”

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা। দীর্ঘদিন ভোটাধিকার সংকুচিত থাকায় নতুন ভোটাররা গণতন্ত্রের স্বাদ পায়নি, যা পুনরুদ্ধার করা জরুরি।

সংসদ নির্বাচন আগে হওয়া উচিত জানিয়ে তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি পরে হবে, এই বিতর্কে না গিয়ে সরকারকে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়া উচিত।” বিএনপির শাসনামলে বিরোধী দলের প্রার্থীরা জয়ী হয়েছেন, যা আওয়ামী লীগের সময়ে হয়নি বলেও দাবি করেন তিনি।

এ সময় বিএনপি নেতৃবৃন্দ আমানউল্লাহ আমান, আবদুস সালাম, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ইশরাক হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

an adbox will go here