বিপ্লবী ছাত্র পরিষদের ফ্যাসিবাদী মন্ত্রী, উপদেষ্টা ও এমপিদের তালিকা প্রকাশ, বিচার দাবি
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকা, ২২ ফেব্রুয়ারি ২০২৫: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গণঅবস্থানরত ছাত্র-জনতা শনিবার সন্ধ্যায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লীগ ও তার সহযোগী রাজনৈতিক দলগুলোর মন্ত্রী, উপদেষ্টা ও এমপিদের ফ্যাসিবাদী ঘোষণা করে একটি তালিকা প্রকাশ করেছে। ছাত্র-জনতা তাদের দাবি জানিয়েছেন যে, এই তালিকাভুক্তদের ৭ থেকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হোক এবং নির্বাচনে অংশগ্রহণের অধিকার থেকে বঞ্চিত করা হোক।
তালিকা প্রকাশ করেন বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফজলুর রহমান। তিনি বলেন, “ফ্যাসিবাদ বিলোপে আমরা পাঁচ দফা দাবি পেশ করেছি। তার মধ্যে তৃতীয় দফার আলোকে আজ ফ্যাসিবাদী মন্ত্রী, উপদেষ্টা ও এমপিদের তালিকা প্রকাশ করছি।” তিনি আরও বলেন, “২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত আওয়ামী রেজিমের মন্ত্রিসভার সব সদস্য ও উপদেষ্টাকে ফ্যাসিস্ট সন্ত্রাসী ঘোষণা করছি। তাদের সবাইকে গ্রেফতার ও ৭ থেকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার দাবি জানাই।”
এছাড়া ফজলুর রহমান দাবী করেন যে, এসব ফ্যাসিবাদী নেতাদের নির্বাচন করার অধিকার বাতিল করা উচিত এবং তারা জনপরিসরে, গণমাধ্যমে ও সামাজিক মাধ্যমে বক্তৃতা দিতে পারবে না।
গণঅবস্থানে উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সদস্যরা এবং বিপ্লবী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ, যারা এই আন্দোলনে একত্রিত হয়ে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তাদের অবস্থান শক্তিশালী করেছেন।
তালিকা প্রকাশের সময় আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সহকারী সদস্য সচিব আশরাফুল ইসলাম, এবং বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম প্রমুখ।
এমনকি ১৯ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি তুলে ধরেছেন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল— আওয়ামি লীগ, তার মিত্র ১৪ দল ও মহাজোটকে নিষিদ্ধ করা, এবং ২০০৯-২০২৫ পর্যন্ত ফ্যাসিবাদী সরকারের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতা ও পরে বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনে যোগ দিয়ে এই কর্মসূচি শুরু করেন।