ছিনতাই, ডাকাতি ও ধর্ষণ নিরসনে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে ১০ আইনজীবী - দিগন্ত জার্নাল

ছিনতাই, ডাকাতি ও ধর্ষণ নিরসনে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে ১০ আইনজীবী

দিগন্ত জার্নাল ডেস্ক:

ঢাকাসহ সারা দেশে ছিনতাই, ডাকাতি এবং ধর্ষণ ঘটনার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তা নিরসনে স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের আইজিকে ১০ জন আইনজীবীর পক্ষ থেকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল এই নোটিশ প্রেরণ করেছেন।

নোটিশে বলা হয়, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন এলাকার মোহাম্মদপুর, বনশ্রী, মিরপুর, ধানমন্ডি সহ অন্যান্য এলাকায় ২৩ ফেব্রুয়ারি রাতের পর থেকে ছিনতাই ও ডাকাতির ঘটনার পরিমাণ বেড়ে গেছে। এসময় পিস্তল, চাপাতি ও রামদা হাতে সাধারণ মানুষকে মৃত্যুর ভয় দেখিয়ে এসব অপরাধ সংঘটিত হচ্ছে।

নোটিশে আরও বলা হয়, পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত জানুয়ারি মাসে সারা দেশে ৭১টি ডাকাতি, ১৭১টি ছিনতাই, ২৯৪টি খুন, ১০৫টি অপহরণসহ আরও অনেক অপরাধের ঘটনা ঘটেছে। ঢাকায় ৮টি ডাকাতি, ৫৪টি ছিনতাই, ৩৬টি খুন এবং ৩১টি অপহরণ হয়েছে। এছাড়া ২০২৪ সালে সারা দেশে ৪৯০টি ডাকাতি, ১ হাজার ৪১২টি ছিনতাই, ৩ হাজার ৪৩২টি খুন এবং ৬৪২টি অপহরণের ঘটনা ঘটেছে।

এছাড়া লিগ্যাল এইডের তথ্যে জানানো হয়েছে, জানুয়ারি মাসে ৬৪ নারী ধর্ষণের শিকার হয়েছেন। ক্যামেরার আড়ালে হাজারো ধর্ষণের ঘটনা ঘটছে বলে দাবি করা হয় নোটিশে।

এতে আরও বলা হয়, বর্তমানে সাধারণ মানুষের রাস্তায় চলাফেরা হুমকির মুখে পড়েছে, বিশেষ করে মহিলাদের জন্য এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ছিনতাই, ডাকাতি, গুম, খুন, ধর্ষণ এবং রাহাজানি বেড়ে যাওয়ায় জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক তৈরি হয়েছে।

আইনজীবীদের পক্ষ থেকে সরকারের কাছে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে, যাতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

an adbox will go here