পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয়েছিল শেখ হাসিনার নেতৃত্বে: মির্জা ফখরুল
দিগন্ত জার্নাল ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। মঙ্গলবার সকালে জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শহিদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এই মন্তব্য করেন।
ফখরুল বলেন, “এ দিনটি সেনাবাহিনীর জন্য কালো দিন। সেনাবাহিনীর শত্রুরা সেদিন ৫৭ জন চৌকস সেনাকে হত্যা করে। তাদের উদ্দেশ্য ছিল দেশের নিরাপত্তা ব্যবস্থা নষ্ট করে দেওয়া।”
তিনি আরও বলেন, “এ দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালন করার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। নিহত সেনা সদস্যদের স্বজনদের প্রতি আমাদের সমবেদনা জানাই।”
মির্জা ফখরুলের এই মন্তব্য পিলখানা হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে বিতর্ক সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।