জামায়াত নয় বরং আওয়ামী লীগই রাজাকারের দল: শামীম সাঈদী
দিগন্ত জার্নাল ডেস্ক:
জামায়াতে ইসলামীকে রাজাকার বলা হলেও আসল রাজাকারের দল আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বড় ছেলে ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ শামীম সাঈদী।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুরের স্বরূপকাঠিতে (নেছারাবাদ) সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “জামায়াতে ইসলামী বললে বলা হয় রাজাকার। কিন্তু কেউ কি দেখাতে পারবেন জামায়াতের কোনো নেতার পাকিস্তানে বাড়ি আছে? জামায়াতের কেউ পাকিস্তানে ব্যবসা করছে বা সেখান পালিয়ে গেছে? বরং পালিয়েছে ভারতের রাজাকাররা, যারা ভারতে আশ্রয় নিয়েছে। কাজেই প্রকৃত রাজাকার বলতে আওয়ামী লীগকেই বোঝায়।”
শামীম সাঈদী আরও বলেন, “আওয়ামী লীগই ক্ষমতায় থেকে রাজাকারের তালিকা করেছিল। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের প্রকাশিত সেই তালিকায় ৯০ শতাংশই ছিল আওয়ামী লীগের লোকজনের নাম।”