গণতন্ত্র রক্ষায় ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান: মির্জা ফখরুল
দিগন্ত জার্নাল ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ফ্যাসিবাদকে পরাজিত করেছি, শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছি। এখন আমাদের লক্ষ্য দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন পূরণ করা। কিন্তু গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন মহল চক্রান্ত চালিয়ে যাচ্ছে—দেশের ভেতরেও, বাইরে থেকেও। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বিএনপির বর্ধিত সভার স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে জনগণ যে সংগ্রাম করেছে, তার পর তারা আশা করেছিল দেশের পরিস্থিতির দ্রুত পরিবর্তন হবে। তারা ভেবেছিল, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে, তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। কিন্তু আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, সে লক্ষ্যে এখনও সুস্পষ্ট কোনো নির্দেশনা পাওয়া যাচ্ছে না। বিএনপির গণতন্ত্র ও জনগণের অধিকারের সংগ্রাম সহজ ছিল না। লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসেবে বিএনপিকে অসংখ্য ত্যাগ স্বীকার করতে হয়েছে। সেই ধারাবাহিক লড়াই আজও চলছে। দেশের অর্থনীতি নিয়ে শঙ্কা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, দ্রব্যমূল্য লাগামহীনভাবে বাড়ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, শিক্ষাঙ্গনগুলোতে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে, শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, পূর্ব বাংলার বরেণ্য বিজ্ঞানী ও সাহিত্যিকদের নাম বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর নতুন নামকরণের অপচেষ্টা চলছে। বিএনপির বর্ধিত সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।