জাতীয় নাগরিক পার্টির প্রতি সমর্থন জানিয়ে জাবির ইব্রাহিমের বাবা নওশের আলীর বক্তব্য - দিগন্ত জার্নাল

জাতীয় নাগরিক পার্টির প্রতি সমর্থন জানিয়ে জাবির ইব্রাহিমের বাবা নওশের আলীর বক্তব্য

দিগন্ত জার্নাল ডেস্ক:

অধিকার আদায়ের জন্য মাঠে নামা মানুষের ওপর আর রক্তপাত না হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন জুলাই শহিদ জাবির ইব্রাহিমের বাবা নওশের আলী। শুক্রবার বিকালে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

নওশের আলী বলেন, “এ দেশে ১৯৭১ সালে যেভাবে রক্তক্ষরণ হয়েছিল, সেই রক্তক্ষরণ আমরা চাই না। নব্বইয়ে রক্তক্ষরণ হয়েছিল, সেই রক্তক্ষরণ আমরা আর চাই না। এই চব্বিশে রক্তক্ষরণ হয়েছে, সেই রক্তক্ষরণ আমরা চাই না।” তিনি আরও বলেন, “আমার অকুণ্ঠ শ্রদ্ধা থাকবে, সমর্থন থাকবে তারা যেন নতুন বাংলাদেশ উপহার দেয়। আমি চাই, আমার দেশ যেন এই দলের কাছে নিরাপদ থাকে।”

তিনি দলটির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন, “এই দল আরও ভালো করবে। এই দলের প্রতি আমাদের, বিশেষ করে শহিদ পরিবারের পক্ষ থেকে তাদেরকে অকুণ্ঠ সমর্থন জানাই।”

নওশের আলী অনুষ্ঠানে আরও বলেন, “আমার পরিচয়, বাংলাদেশের উত্তরাঞ্চলে সবচেয়ে ছোট যে শিশু, ছয় বছরের সেই জাবির ইব্রাহিমের বাবা।” তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘সিরিয়াল কিলার’ অভিহিত করেন, তার দাবি, “১৫ বছর আগে ৫৭ জন সেনা সদস্যকে হত্যার মাধ্যমে তার হত্যাযজ্ঞ শুরু হয়েছে, ৫ আগস্ট আমার ছেলেকে দিয়ে শেষ হয়েছে।”

অনুষ্ঠানের ঘোষক জানিয়ে দেন, গোপালগঞ্জ থেকে বিশাল একটি মিছিল অনুষ্ঠানে যোগ দিয়েছে। “এই গোপালগঞ্জ শেখ হাসিনার গোপালগঞ্জ নয়, শেখ মুজিবের গোপালগঞ্জ নয়, এই গোপালগঞ্জ আওয়ামী লীগের গোপালগঞ্জ নয়, এই গোপালগঞ্জ শহিদ আবু সাঈদদের গোপালগঞ্জ,” বলেন তিনি।

এছাড়া, তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের স্পিরিট নিয়ে গোপালগঞ্জ এগিয়ে যাবে মুজিববাদের কবর রচনার মাধ্যমে।”

an adbox will go here