কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখালো আদালত
দিগন্ত জার্নাল ডেস্ক:
মিরপুর মডেল থানার মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত তাকে গ্রেফতার দেখান। এ মামলার শুনানিতে বুকে হাত বেঁধে দেয়াল ঘেঁষে কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন তিনি।
এদিন সকালে তাকে কারাগার থেকে আদালতে তোলা হয়। সকাল ১০টা ২০ মিনিটে দুজন পুলিশ কনস্টেবল তাকে দুই পাশে ধরে কাঠগড়ায় তোলেন। পরে তিনি কাঠগড়ায় পেছনে গিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে ছিলেন। তখন হাবিবুল্লাহ নামের একজন কনস্টেবল তার হাত ধরে রাখেন। ১০টা ২৮ মিনিটে তিনি কাঠগড়ার সামনে আসেন এবং আইনজীবীর সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। এরপর তাকে গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতার দেখানোর পর দুই পুলিশ কনস্টেবল তাকে ফের ধরে হাজতখানায় নিয়ে যান। এ সময় তিনি বলেন, “আমি অনেক অসুস্থ।”
এর আগে গত ১৮ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল তাকে। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।