ঢাবি ছাত্রলীগের সেক্রেটারি তানভীরকে গ্রেফতার দেখানোর আদেশ
দিগন্ত জার্নাল ডেস্ক:
রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার বেলা ১২টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এসব মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
আদালতে তানভীর হাসান সৈকতকে তোলার পর, তার আইনজীবী অ্যাডভোকেট মো. তরিকুল ইসলামের সঙ্গে কথা বলেন। এ সময় সৈকত বলেন, “কারাগারে অনেক লোক গাদাগাদি করে থাকতে হচ্ছে, মশার কামড়ে ঠিকমতো ঘুম হয় না, খাওয়া-দাওয়াও হচ্ছে না। আবার যেদিন আদালতে আনা হয়, সেদিন ফজরের আগেই ঘুম ভাঙানো হয়। তারপর ভোরে আদালতের উদ্দেশে আনা হয়। খুব কষ্টে আছি আমি।”
এদিকে, সৈকতের আইনজীবী অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম এসব হত্যামামলাকে ষড়যন্ত্রমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন।
তানভীর হাসান সৈকতকে গত ১৪ আগস্ট রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে বিভিন্ন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়।