বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান চৌধুরী শায়লা কামাল মারা গেছেন
দিগন্ত জার্নাল ডেস্ক:
বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের সহধর্মিণী চৌধুরী শায়লা কামাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর। বুধবার ভোররাত ৫টা ৩০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শায়লা কামালের প্রথম জানাজা ঢাকার গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ ফরিদপুরে নিয়ে আসা হয় এবং বিকালে বাদ আসর স্থানীয় কমলাপুর ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
চৌধুরী শায়লা কামাল ও তার স্বামী চৌধুরী কামাল ইবনে ইউসুফ দুজনেই শরিয়তপুরের পীর দুদু মিয়ার নাতনি ছিলেন। তারা খালাতো ভাই-বোন ছিলেন। শায়লা চৌধুরী ফরিদপুরের আরেক জমিদার ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার জ্যেষ্ঠ পুত্র চৌধুরী কামাল ইবনে ইউসুফের সঙ্গে ১৯৬৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
চৌধুরী শায়লা কামালের মৃত্যুতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কালাম আজাদ, উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ ফরিদপুরের বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।